প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
বাড়ছে না ভোজ্যতেলের দাম
নেত্রবার্তা প্রতিবেদক ||
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে রবিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।তিনি বলেন, “ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, এটা স্বাভাবিক। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি”।মন্ত্রী বলেন, “দেশের মানুষেরা এ সময় বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধসহ নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এরমধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব”।গত বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।তবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এদিকে, রবিবার অনুষ্ঠিত দুইদফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আর্কটুরাস
কপিরাইট © ২০২৬ নেত্রবার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত